প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ইরান যুদ্ধের প্রভাবে ডিজেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে। আর ডিটিসি এলাকায় (ঢাকার আশপাশে) প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.৩২ টাকা থেকে বেড়ে ২.৪৩ টাকা হয়েছে। এই হিসেবে নগর পরিবহনের ভাড়া ৪.৫ শতাংশ এবং দূরপাল্লার বাস ভাড়া ৫.১ শতাংশ বাড়ল। খবর বিডিনিউজের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নতুন এই ভাড়ার হার ঘোষণা করেন। তিনি বলেন, ন্যূনতম ভাড়া (৮ টাকা ও ১০ টাকা) অপরিবর্তিত থাকবে এবং তা বাড়ানো হবে না। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সরবরাহ সংকট তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দুমাস আগেই বেড়েছে। তারপরও সরকার দেশের বাজারে ভর্তুকি দিয়ে আগের দামে তেল বিক্রি চালিয়ে আসছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরিস্থিতি নাজুক হয়ে ওঠায় গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসে।

প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এরপর বাস ভাড়া পুনর্নির্‌ধারণের জন্য রোববার রাতে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেখানে দূরপাল্লা ও মহানগরের চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় মালিকদের তরফে।

সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠকের পরও সমঝোতা না হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে। চট্টগ্রাম, আন্তঃজেলা ও মহানগর সকল ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে ডিটিসি (ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন) এলাকাতেও এই বৃদ্ধি প্রযোজ্য হবে। তেলের দাম বাড়াকমার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট ফর্মুলা আগে থেকেই রয়েছে। সেই ফর্মুলা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শিগগিরই প্রজ্ঞাপন জারি করে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে। নির্ধারিত ভাড়া বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হবেন না।

পূর্ববর্তী নিবন্ধছাত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করায় শিক্ষককে মারধর
পরবর্তী নিবন্ধলাইটারেজ জাহাজ ভাড়া বাড়ছে ১০ শতাংশ