চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসিতে পদার্থ বিজ্ঞানের প্রশ্নে ত্রুটি

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল মঙ্গলবার তাদের ওই নোটিশ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

ওই চার শিক্ষক হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি আট শিক্ষা বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্র তারা মডারেশনের দায়িত্বে ছিলেন। গত সোমবার দেশের সাতটি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে এ পরীক্ষা হয়। তবে বৈরী আবহাওয়া ও বন্যার কারণে এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত ছিল। সিলেট শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রশ্নপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা চাপের মুখে পড়েছে। একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসাবে এ ধরনের ত্রুটি থেকে যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। ওই ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি ও অসঙ্গতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২২২ মেগাওয়াট
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় চালককে কোপ, মীরসরাইয়ে পৌঁছার আগে মৃত্যু