জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালত এ রায় ঘোষণা করেন। এসময় মুজিবুল হক কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি মামলার পর থেকে পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। দুদক পিপি রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২৮ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর তৎকালিন সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ১ এ মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে মুজিবুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে গত বছরের ৩ জুলাই আদালত তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।













