পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণ ও সেতু বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দ ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সেতুটির জন্য অর্থ বরাদ্দ ও দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু করার দাবি জানান। এদিন সকাল ১১টায় ‘চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ–চট্টগ্রাম’ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য চামুদরিয়া ওয়াই টাইপ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। আনোয়ারাকে ঘিরে সরকার বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করলেও সংশ্লিষ্ট এলাকার মানুষের সহজ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করা হয়নি। এই সেতু নির্মিত হলে শুধু যাতায়াত ব্যবস্থার উন্নয়নই নয়, শিল্পকারখানা, বাণিজ্যিক কেন্দ্র এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডেরও ব্যাপক বিকাশ ঘটবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও রাজনীতিবিদ এম এ হাশেম রাজু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম. নুরুল হুদা চৌধুরী। সভাপতির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী। আরও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন প্রমুখ।












