চান্দগাঁওয়ে গরুর খামারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩, ৪টি গরু উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গরুর খামারে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত ৪টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মহিউদ্দীন (৪৪) গত ২৫ এপ্রিল চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযানে নেমে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়িটি উদ্ধার করা হয়। গতকাল এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল গভীর রাত সাড়ে ৩টার দিকে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায়, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণপূর্ব পাশে রেললাইনের পূর্ব দিকে অবস্থিত মহিউদ্দীনের গরুর খামারে ৫৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা খামারের পেছন দিক দিয়ে প্রবেশ করে ঘুমন্ত কর্মচারী মো. সালাউদ্দিনকে গামছা ও রশি দিয়ে বেঁধে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে খামার থেকে ২টি গাভী ও ২টি বাছুর, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা এবং কর্মচারীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঘটনার পর ডাকাতরা লুণ্ঠিত মালামাল একটি সিলভার রঙের হাইস গাড়িতে তুলে দ্রুত বহদ্দারহাটের দিকে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সিলভার রঙের হাইস গাড়িটি উদ্ধার করা হয়। পরবর্তীতে কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্য সেলিম ওরফে সেনাম (৩৫), আমান উদ্দিন (৩৮) ও মো. আব্দুল হামিদকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ২টি গাভী ও ২টি বাছুর উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতীয় আইনগত সহায়তা দিবস
পরবর্তী নিবন্ধ২৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন