চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

জাতীয় শ্রমিক শক্তির হুঁশিয়ারি

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর, গণপরিবহন, ঘাট ও শিল্পাঞ্চলগুলোতে বছরের পর বছর ধরে চলা চাঁদাবাজি ও সিন্ডিকেট রাজত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি, চট্টগ্রাম মহানগর।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৫ টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ ও অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক শক্তি, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাহাদাত হাছান সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ঋআজ মোরশেদ। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক ফারুক হোসেন এবং চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব আমজাদ হোসেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর, গণপরিবহন, ঘাট এবং শিল্পাঞ্চলগুলোকে কেন্দ্র করে যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার চাঁদাবাজি ও সিন্ডিকেট রাজত্ব চালিয়ে আসছেন, তাদের সুদিন শেষ। শ্রমিকের কষ্টের টাকায় কোনো চাঁদাবাজ বা রাজনৈতিক মাফিয়ার পকেট ভরতে দেওয়া হবে না। যদি আর একটি টাকাও কোনো শ্রমিকের কাছ থেকে জোরপূর্বক আদায় করার চেষ্টা করা হয়, তবে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি চুপ করে বসে থাকবে না; রাজপথেই সেই সিন্ডিকেটের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে নবগঠিত জাতীয় শ্রমিক শক্তি, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো ৪৫ জন হাসপাতালে
পরবর্তী নিবন্ধউত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভা