চলো ছুটি, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে

দলের প্রতি মেসির বার্তা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি দলের প্রতি বার্তা দিয়েছেন-‘চলো ছুটি, আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।’ সামপ্রতিক সময়ে দুরন্ত গতিতেই ছুটছে আর্জেন্টিনা। যদিও কিছুটা অস্বস্তি নিয়েই আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন চোট থেকে উঠে আসা মেসি। তবে, ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রেকর্ড ব্যালন দ’র জয়ী আর্জেন্টাইন সমর্থকদের দিয়েছেন স্বস্তির খবর। বলেন, মাঠে থাকা সময়টুকু উপভোগ করেছেন তিনি। ‘শুরু থেকেই আমি এটা উপভোগ করেছিলাম। বেশ কিছু দিন ধরেই খেলার জন্য ভীষণ উদগ্রীব ছিলাম, যেহেতু এখানে আসার পর থেকেই অস্বস্তির সঙ্গে আমাকে লড়তে হচ্ছিল। আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। দারুণ উপভোগ করছিলাম। অস্বস্তি থাকলে যে ভয়টুকু থাকে, তা ঝেড়ে ফেলে মুক্তভাবে খেলার জন্য মাঠে নামতে মুখিয়ে ছিলাম। এখনও আমাদের হাতে আরও এক সপ্তাহ সময় আছে, সবাইকে ফিট করে তুলে বিশ্বকাপ অভিযান শুরুর জন্য।’

উত্তর আমেরিকা আসরে ফেভারিট দলগুলোর একটি আর্জেন্টিনা। টানা সাত ম্যাচ জিতে, আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বিশ্বকাপ শুরু করবে তারা। মেসি অবশ্য জানান, বিগত সময়ের প্রাপ্তিতে জয়ের ক্ষুধা তাদের কমবে না একটুও। ‘বরাবরের মতোই, যখন একটা প্রতিযোগিতা শুরু হয়, বিশেষ করে বিশ্বকাপ, আমরা রোমাঞ্চিত থাকি। আমি এটা অনেকবারই বলেছি, এই দলটা আমাদের হতাশ করবে না এবং এটা তারা এ বছর দেখিয়েছে। যেকোনো প্রতিপক্ষের সঙ্গে, যে কোনো প্রতিযোগিতার লড়াইয়ে তারা দেখিয়ে চলেছে, প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের আকাঙ্ক্ষা ও উদ্দীপনা আগের মতোই। এটি একটি জয়ী দল এবং সবসময় আরও জিততে চায়। আমরা বরাবরের মতোই, ধাপে ধাপে এগুবো এবং তীব্র আকাঙক্ষা, উদ্দীপনা ও নিজেদের সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাব। এই দলটা যা পেয়েছে, সেটা তাদের প্রাপ্য। আমরা চেষ্টা করব, যেমনটা সবসময় করে এসেছি। মানুষ নিশ্চিত থাকতে পারে, আমরা নিজেদের সবটুকু নিংড়ে দেব, যেটা আমরা সবাই এতদিন করে এসেছি। যতদিন এই দলের সঙ্গে আছি, ততদিন ঠিক যেমনটা আমরা সবাই করে এসেছি, তেমনটাই করব। কখনও এটা কাজ করে, কখনও করে না, কিন্তু সামপ্রতিক বছরগুলোতে ইতিবাচক ফল পাওয়ার ক্ষেত্রে আমরা ভাগ্যকে পাশে পেয়েছিলাম। এটা কঠিন এবং প্রতিবারই এটা আরও কঠিন হয়ে ওঠে, কিন্তু আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি এবং অন্যদেরও অভ্যস্ত করে তুলেছি। আমরা সাফল্যের পুনরাবৃত্তির চেষ্টা করব। সেটা ঘটুক বা না ঘটুক, এটাই ফুটবল। তবে কোনো সন্দেহ নেই, প্রতিপক্ষের জন্য আমাদের হারানো কঠিন হবে, কেননা, আমরা ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।’ দলের প্রতি এই অটুট আস্থা, বিশ্বাস, বিশ্বকাপ নিয়ে মেসির তীব্র আকাঙ্খাসবটাই ফুটে উঠেছে তার ইনস্টাগ্রাম পোস্টেও। আইসল্যান্ড ম্যাচের বেশ কয়েকটা ছবি পোস্ট করে, সতীর্থদের উদ্দেশে ছোট বার্তায় প্রত্যাশা জানিয়ে রেখেছেন এই ফুটবল কিংবদন্তী।

পূর্ববর্তী নিবন্ধ‘রোনালদো ফুটবল খেলাকে বদলে দিয়েছেন’
পরবর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু নতুন শনাক্ত ৯৪