জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একইসাথে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে খাল খনন প্রকল্পের উত্তোলিত মাটির সঠিক ব্যবস্থাপনা (ইটভাটায় ব্যবহার ও সড়কের ঢাল সংরক্ষণ) নিশ্চিতকরণ, আসন্ন ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে সামনে রেখে ক্লাস্টারভিত্তিক বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি জোরদার এবং জরাজীর্ণ বিদ্যালয় ভবনসমূহ দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করা হয়।
তিনি গত ১৫ নভেম্বর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় সকল ইউনিয়নে শতভাগ স্বচ্ছতার সাথে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন, এতিম শিশুদের সহায়তাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম গতিশীল করা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারি ও বেসরকারি ভবনে টেকসই সোলার প্যানেল স্থাপন ও এ সংক্রান্ত সরকারি প্রণোদনার ব্যাপক প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রতিনিধি, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন, সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং জনজীবনে এর দৃশ্যমান ইতিবাচক প্রভাব নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সুদূরপ্রসারী পরিকল্পনা, রাষ্ট্রের প্রতি গভীর আন্তরিকতা, দেশপ্রেম এবং সর্বোচ্চ মেধা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের কাছে প্রশাসনের কোনো দায়বদ্ধতা অপূর্ণ না থাকে। শেষে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












