চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট এলাকায় চলন্ত অবস্থায় উল্টে গেছে যাত্রীবাহী একটি বাস। গতকাল বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, বাসটির বেশির ভাগ যাত্রী কম–বেশি আহত হয়েছেন। তবে গুরুতর আহত হয়েছেন প্রায় ২৫ জন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল।
জানা যায়, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রাতে কক্সবাজার যাচ্ছিল। ভোর ৫টার দিকে বাসটি চন্দনাইশের বাগিচাহাট বাঁকে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কে উল্টে যায় এবং বাসের প্রায় ২৫ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। তাদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও দোহাজারী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে বিসিজি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা ২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন গাজীপুর জেলার টঙ্গী থানার মো. মিরাজুল ইসলাম শাওন (৩০) ও তানজিলা ভুইয়া তিশা (১৮)। আহতদের অন্যদের নাম–ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা দুর্ভোগ পোহান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আবছার বলেন, ভোর আনুমানিক ৫টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি বাগিচাহাট বাঁকে এসে উল্টে যায়। এতে ২০ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। তাদের নাম–ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পরপর চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।












