চবি ছাত্রীর শ্লীলতাহানি, দোকান কর্মচারীকে পুলিশে দিল সহপাঠীরা

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত ওই দোকান কর্মচারীর নাম মো. শাহিন শেখ। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা শাহিন বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য চবি স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় মো. শাহিন তাঁকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্ত যুবককে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয় এবং ওই ছাত্রী রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, এ বিষয়ে মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। আজ (গতকাল বুধবার) অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধ২ নম্বর গেইটে ২ ঘণ্টা সড়ক অবরোধ, বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধবন্যায় আটকে পড়া বন্ধুকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু