চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত ১৮ আগস্ট সন্ধ্যা পাঁচলাইশে জসিম উদ্দিন ফাউন্ডেশন কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। সভায় চবি পরিবহন সংকট নিয়ে আলোচনা হয়। পরিবহন সংকট দূর করতে এবং পরিবহন ব্যবস্থা আরো গতিশীল ও উন্নত করতে ৬টি নতুন বাস প্রদানের ঘোষণা দেন স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। উপাচার্য এবং উপ–উপাচার্যদ্বয় এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ–সুবিধা দ্রুত বৃদ্ধি করা চ্যালেঞ্জিং; এ অবস্থায় জসিম উদ্দীন ফাউন্ডেশনের মতো সামাজিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এই ৬টি বাস যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ বলেন, জসিম উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন শিক্ষা বিস্তারে এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চবিতে ৬টি নতুন বাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে জসিম উদ্দিন ফাউন্ডেশন পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, মোহাম্মদ মোখতার আহমদ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ বেলাল প্রমুখ।










