সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে চিংড়ি পোনা ধরার ৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে মৎস অধিদপ্তর। উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ বলেন, আমরা বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাঁশবাড়ীয়া ফেরি ঘাটে অভিযান পরিচালনা করেছি। ঘাটে অবৈধ চিংড়ি পোনা ধরার ৩টি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযান চলবে। সমুদ্রে উপকূলে যারা রেণু নিধনে নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিকারীরা নিজেরাই মাছের ক্ষেত্রটি ধ্বংস করছে। জানা যায়, সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে সন্দ্বীপ চ্যানেলে চিংড়ি পোনা আহরণের মহোৎসব চলছে। সমুদ্র থেকে রেণু পোনা আহরণের সরকারের নিষেধাজ্ঞা থাকলেও বছরের পর বছর রেণু শিকার করে যাচ্ছে কিছু লোক।
উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর থেকে শুরু করে ভাটিয়ারী, কুমিরা, বাঁশবাড়িয়া উপকূলীয় এলাকা জুড়ে প্রতিদিন অন্তত শতাধিক ছোট ছিদ্রের বেহুন্দি জাল দিয়ে রেণু–পোনা শিকার করা হচ্ছে। বেহুন্দি জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবং ডিমসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণি ধ্বংস হয়ে যাচ্ছে।











