ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চন্দনাইশে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার সকালে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। এ সময় বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন। ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য প্রতিটি পরিবার এ কার্ড পাবে। তথ্য সংগ্রহের সময় যাতে স্বজনপ্রীতি ও অনিয়ম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।










