চট্টগ্রাম-দোহাজারী ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ শুরু ডিসেম্বরে

ব্যয় সাড়ে ৪ হাজার কোটি টাকা, দুটি প্যাকেজে কাজ করবে চায়না ও ঢাকার ম্যাক্স

শুকলাল দাশ | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–দোহাজারী ৬২ কিলোমিটার মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ শুরু হচ্ছে আগামী মাসে (ডিসেম্বরে)। ৪ হাজার ৬২৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম–দোহাজারী ৬২ কিলোমিটার মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পের দুটি প্যাকেজের কাজ পেয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এবং দেশীয় প্রতিষ্ঠান ঢাকার ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

চট্টগ্রাম–দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. আসাদুল হক আজাদীকে বলেন, প্রকল্পের দুটি প্যাকেজের পূর্ত কাজের জন্য মোট ৪ হাজার ৬২৯ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ৫১৫ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত বুধবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

৬২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হবে দুটি প্যাকেজে : প্রকল্পের মোট ৬২ কিলোমিটার রেলপথের মধ্যে দুটি প্যাকেজে কাজ হবে। একটি প্যাকেজের কাজ করবে চীনা প্রতিষ্ঠানটি। অন্য প্যাকেজের কাজ করবে দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ডব্লিউডি–১ প্যাকেজের কাজ করবে ঢাকার ম্যাঙ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এ জন্য ব্যয় হবে ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ ১৩ হাজার ৪০৩ টাকা।

অন্যদিকে ডব্লিউডি–২ প্যাকেজের কাজ পেয়েছে চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। এ প্যাকেজে ব্যয় হবে ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ ১১ হাজার ১১২ টাকা। দুটি প্যাকেজের ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়নের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে। নির্ধারিত ব্যয়ের মধ্যে কর ও ভ্যাট অন্তর্ভুক্ত।

প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন আগামী মাসে ডিসেম্বরে :

প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আসাদুল হক বলেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরে (আগামী মাসে) প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন হবে।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে কারিগরিভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ডব্লিউডি–১ প্যাকেজে ম্যাঙ ইনফ্রাস্ট্রাকচার এবং ডব্লিউডি–২ প্যাকেজে চায়না রেলওয়ে গ্রুপকে নির্বাচিত করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে কাজ দেওয়ার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে বোয়ালখালীর গোমদন্ডী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। পাশাপাশি পাহাড়তলী থেকে ঝাউতলা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হবে। এ অংশে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য পূর্ত কাজ করবে ম্যাঙ ইনফ্রাস্ট্রাকচার।

অন্যদিকে চায়না রেলওয়ে গ্রুপের আওতায় চট্টগ্রাম থেকে গোমদন্ডী হয়ে দোহাজারী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামোগত উন্নয়নও করা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। কাজের জন্য ওয়ান স্টেজ টু এনভেলপ পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয় (এতে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে একই সময়ে তাদের দরপত্রের দুটি আলাদা খাম জমা দিতে হয়। একটি কারিগরি প্রস্তাব অন্যটি আর্থিক প্রস্তাব)।

ডব্লিউডি–১ প্যাকেজে সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। আর ডব্লিউডি–২ প্যাকেজে দরপত্র জমা দেয় ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

এর আগে ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন পায়। ২০২৩ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম–দোহাজারী রেলপথে মিটার গেজের পাশাপাশি ব্রড গেজ ট্রেন চলাচলেরও সুযোগ তৈরি হবে। এতে দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে এ রেলপথের সংযোগ ও ট্রেন চলাচলের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলী ভূমি অফিস, বড়পোল পুলিশ বক্স ও বাকলিয়ায় ট্রাকে আগুন