চট্টগ্রামে সাড়ে ৩ লাখ মামলার জট

হাবীবুর রহমান | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিচার বিভাগে মামলার জট ক্রমেই জটিল ও উদ্বেগজনক আকার নিচ্ছে। দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনাল মিলিয়ে জেলা ও মহানগরে বিচারাধীন মামলার সংখ্যা এখন সাড়ে ৩ লাখের ঘর ছুঁয়েছে। এরমধ্যে কেবল ফৌজদারি মামলাই ২ লাখ ১০ হাজারের বেশি, আর দেওয়ানি মামলা বিচারাধীন প্রায় দেড় লাখ। প্রতি মাসে বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করা হলেও নতুন মামলার অবিরাম চাপে জট সামলানো যাচ্ছে না, ফলে দীর্ঘসূত্রতায় ভুগছেন বিচারপ্রার্থীরা। সামপ্রতিক বছরগুলোতে একাধিক নতুন আদালত গঠন করা হলেও পর্যাপ্ত অবকাঠামো না থাকা এবং বিচারকের অপর্যাপ্ততার কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না।

আদালতগুলোর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত আগস্ট পর্যন্ত ৭টি চৌকি আদালত, পারিবারিক আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ৩টি অর্থঋণ আদালত, পরিবেশ আদালত, জেলা লিগ্যাল এইড ও দেউলিয়া আদালতসহ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অধীনে মোট বিচারাধীন মামলা রয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি। এর মধ্যে সিংহভাগই দেওয়ানি সংক্রান্ত–১ লাখ ২৯ হাজার ২৪৪টি, আর বাকি ২১ হাজার হচ্ছে ফৌজদারি মামলা। অন্যদিকে, মহানগর এলাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতগুলোতে মামলার চাপ বেশ প্রকট। ৮টি সিএমএম আদালতে গত অক্টোবরের শেষ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৭৪৩টিতে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারপ্রক্রিয়াধীন রয়েছে প্রায় ৫০ হাজার মামলা। এছাড়া জেলা এলাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে বিচারাধীন মামলা ৫০ হাজারের কাছাকাছি (সর্বশেষ সেপ্টেম্বর বিবরণী অনুযায়ী ৪৬ হাজার ২১০টি)। ৭টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোট ৭ হাজার ৫৬৮টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে ২ হাজার ৬৪১টিই শিশু মামলা। আর সন্ত্রাস দমন, দ্রুত বিচার, বিশেষ জজ, জননিরাপত্তা, মাদকদ্রব্য অপরাধ দমন, বাণিজ্যিক আদালত, শিশু সহিংসতা দমন, সাইবার, মানব পাচার ও শ্রম আদালতসহ বিশেষ আদালতগুলোতে ঝুলছে আরও প্রায় ১০ হাজার মামলা।

নিষ্পত্তির গতি বাড়লেও থামছে না নতুন মামলা : চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গত পাঁচ বছরের (২০২২ থেকে ২০২৬ সালের অক্টোবর) পরিসংখ্যান বলছে, মামলা নিষ্পত্তির হার বাড়লেও নতুন মামলা দায়ের ও প্রাপ্তির সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। তথ্য অনুযায়ী, ২০২২ সালে সিএমএম আদালতে ৩৫, ৯৫২টি মামলা নিষ্পত্তির বিপরীতে বছর শেষে বিচারাধীন মামলা দাঁড়ায় ৫০,৯১১টিতে। ২০২৩ সালে ৪০,৫৮৮টি নিষ্পত্তির পর বকেয়া থাকে ৫৪,৬২৪টি। ২০২৪ সালে ৩৮,০৭০টি নিষ্পত্তির পরও বছর শেষে বিচারপ্রক্রিয়ায় ঝুলে থাকে ৫৯,৯৩৯টি মামলা। ২০২৫ সালে সিএমএম আদালত ৬০,১০৭টি মামলা নিষ্পত্তি করলেও একই সময়ে ৬৬,৪১৭টি নতুন মামলা যুক্ত হওয়ায় বছর শেষে বিচারাধীন মামলা বেড়ে দাঁড়ায় ৬৬,২৪৯টিতে। চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসেই সিএমএম আদালতে ৯২,৩৮৭টি নতুন মামলা দায়ের ও প্রাপ্তি ঘটে। এই সময়ে ৮৯,৮৯৩টি মামলা নিষ্পত্তি করা সত্ত্বেও গত অক্টোবর শেষে সিএমএম আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ঠেকেছে ৬৮,৭৪৩টিতে, যার মধ্যে ৮,৮৯১টি মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। একইভাবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে গত সেপ্টেম্বর মাসে ২,৪৫৮টি মামলা নিষ্পত্তির বিপরীতে নতুন মামলা দায়ের ও অন্যভাবে প্রাপ্তি ছিল ৩,৭৮৫টি।

আদালত বাড়ছে কিন্তু কক্ষ নেই : বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা কমাতে ২০২৩ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামের বিচার বিভাগে দফায় দফায় ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, অর্থঋণ আদালত, পারিবারিক আদালত, অতিরিক্ত ও যুগ্ম দায়রা আদালত, বাণিজ্যিক আদালত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালসহ বেশ কিছু বিশেষ আদালত গঠন করা হয়েছে। তবে আদালতের সংখ্যা বাড়লেও সে অনুপাতে অবকাঠামোগত সুযোগ–সুবিধা বাড়েনি। ১৯০৮ সালে নির্মিত ঐতিহাসিক ‘লাল আদালত ভবন’–এর ১০০ বছর পর ২০০৮ সালে নতুন ভবন এবং পরবর্তীতে ২০১৫ সালে সিজেএম ভবন নির্মিত হলেও বর্তমান চাহিদার তুলনায় তা অপ্রতুল। পর্যাপ্ত এজলাস ও কক্ষ না থাকায় বর্তমানে চরম ভোগান্তিতে পড়েছেন বিচারক ও আইনজীবীরা। দুটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, ২টি অর্থঋণ আদালত, নতুন ১৩টি পারিবারিক আদালত, বাণিজ্যিক আদালত এবং মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালকে অন্য আদালতের সাথে কক্ষ ভাগাভাগি (কক্ষ শেয়ার) করে কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে একদিকে বিচারিক কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, অন্যদিকে জায়গার অভাবে বিশেষ করে গরমের দিনে ভিড়ের চাপে বিচারপ্রার্থী ও আইনজীবীদের হিট স্ট্রোকসহ নানা শারীরিক সমস্যায় পড়তে হচ্ছে।

সাড়ে চার দশকেও অপরিবর্তিত ম্যাজিস্ট্রেসি, মন্ত্রীর কাছে স্মারকপত্র : ১৯৭৯ সালে তৎকালীন ৬টি থানার জন্য ১ জন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ৩ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি তথা সিএমএম আদালতের যাত্রা শুরু হয়। ২০০৮ সালে বিচারক পদ বাড়িয়ে ৬ জন করা হলেও গত সাড়ে চার দশকে মহানগরে থানা সংখ্যা বেড়ে হয়েছে ১৬টি এবং জনসংখ্যা পৌঁছেছে ৭০ লাখে। কিন্তু এই ম্যাজিস্ট্রেসির কাঠামোগত ব্যাপ্তি সেই ৮টি আদালতেই আটকে রয়েছে। ম্যাজিস্ট্রেসি’টির প্রতিটি আদালতে বর্তমানে গড়ে সাড়ে ৮ হাজারের বেশি মামলা বিচারাধীন থাকায় এক শুনানি থেকে অন্য শুনানির তারিখের ব্যবধান দাঁড়াচ্ছে ৫ থেকে ৬ মাস। এই সংকট থেকে উত্তরণে সিএমএম আদালতের পক্ষ থেকে গত ১১ জানুয়ারি আইন সচিব বরাবর ৩টি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ২০টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদ সৃজনের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি গত ১১ মে নিজস্ব ভবনের আবেদন জানিয়ে আইন সচিব বরাবর পৃথক একটি চিঠি দেওয়া হয়। সর্বশেষ পরিস্থিতির কথা তুলে ধরে গত ১৯ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বরাবর একটি জরুরি চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০০৭ সালের তুলনায় চলমান মামলা চারগুণের বেশি বাড়লেও অবকাঠামো ও পদ বাড়েনি। ফলে সুষ্ঠু বিচার কার্যক্রমে জরুরি ভিত্তিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩টি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২০টি নতুন পদ সৃজনের দাবি জানান তারা।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন দৈনিক আজাদীকে বলেন, মানুষ বাড়ছে, মামলা বাড়ছে, কিন্তু আদালত ও বিচারকের সংখ্যা বাড়েনি। জায়গার অভাবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের প্রতিনিয়ত দুর্ভোগ সামলাতে হচ্ছে। দ্রুত নতুন বিচারক পদায়ন, সিএমএম আদালত ও মহানগর দায়রা জজ আদালতের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণসহ বিচারিক অবকাঠামো সমপ্রসারণ না করা হলে চট্টগ্রাম বিচার বিভাগের এই মামলা জট পরিস্থিতি আরও জটিল রূপ নেবে।

পূর্ববর্তী নিবন্ধহজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন ১০ ডিসেম্বরের মধ্যে
পরবর্তী নিবন্ধমোহরায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, পুলিশ জানল সৎকারের পর