চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজিজা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কর্ণফুলী উপজেলার বাসিন্দা ওই নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬ জনের। পুরো বছরে মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে ৪ জন পুরুষ, ১১ জন নারী এবং ৬ জন শিশু।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৮ জন রোগী সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৮ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৬ জন, সিএমএইচ হাসপাতালে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ২ হাজার ১৪২ পুরুষ, ১ হাজার ২৪৩ জন মহিলা এবং ৯৭৪ জন শিশু। চলতি সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্টে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয় ২ জনের। জুলাইয়ে আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুজনের। জুনে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন এবং ফেব্রুয়ারিতে আক্রান্ত হন ২২ জন, মৃত্যু হয় একজনের। জানুয়ারিতে আক্রান্ত হন ৬৮ জন।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন। মারা যান ১০৭ জন।













