নগরে অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. হৃদয় নামের এক কিশোর নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খুলশীর তালতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে কামরুল নামে এক যুবককে আটক করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় দুই কিশোর গ্যাং ‘বড় ভাই’ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার মৃত্যু হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, এলাকার ‘দুই বড় ভাইয়ের’ সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় কামরুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।








