চট্টগ্রামে নতুন করে আরো ২৪ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ১৮০ জন শিশুর। এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু। অপরদিকে গতকাল আরো ৬৪ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৬০জন নগরীর এবং ৪জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ হাজার ৪২৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ১৬০ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬৯ জন। অন্যদিকে গতকাল আরো ২৭ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৪৪৫ শিশুর। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে গত মাসে এক মাসব্যাপী টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। আমরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে হামের টিকা দিয়েছি। তবে এখন যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে, আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করছি। একইসাথে ঢাকায় তাদের নমুনা পরীক্ষার জন্যও পাঠাচ্ছি।












