চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াসসহ তিনজন কারাগারে

সন্ত্রাসবিরোধী মামলা

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের একদল নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। এর আগে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের ধরে মারধর করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের মারধরের কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, ধানমন্ডি ২৭ এলাকায় ক্ষমতাচ্যুতরা মিছিল বের করলে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসউদুর রহমান তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। খবর বিডিনিউজের।

মামলার বিবরণ অনুযায়ী, বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন মিছিল বের করেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় অচেনা ২০ থেকে ২৫ জন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ।

আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য–প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামিদের রিমান্ডের আবেদনও করা হবে বলে আবেদনে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধআমানত শাহ মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেলসহ দুইজনকে আটক
পরবর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা