চট্টগ্রামের লবণ শিল্প ও তার বর্তমান অবস্থা

নাজনীন আমান | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লবণ হলো একটি অত্যাবশ্যকীয় পণ্য, যা খাদ্যে ব্যবহৃত এক প্রকার দানাদার পদার্থ, যার প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড (ঘধপষ)। সমুদ্র বিস্তৃত চট্টগ্রামের উপকূলীয় অর্থনীতিতে লবণ শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বঙ্গোপসাগরের লবণাক্ত পানি উপকূলীয় চর ও সমতল জমিকে কাজে লাগিয়ে বছরের একটি নির্দিষ্ট সময়ে লবণ উৎপাদন করেন হাজারো চাষী। এই শিল্প আদিকাল থেকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের একটি দেশীয় শিল্পোদ্যোগ ছিল। মুলঙ্গি নামে পরিচিত চট্টগ্রামের একশ্রেণির লোক অতীতকাল থেকে সমুদ্রের পানি সিদ্ধ করে লবণ উৎপাদন করত। এই শিল্প শুধু মানুষের নিত্য প্রয়োজনীয় লবণে যোগানই দেয় না বরং উপকূলীয় এলাকার বিভিন্ন সংখ্যক মানুষের কর্মসংস্থান ও জীবিকার অন্যতম উৎসও বটে। দেশের লবন উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল কক্সবাজার। এছাড়াও মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, রামু ও বাঁশখালী সহ চট্টগ্রামের উপকূলীয় এলাকায় লবণ চাষ দীর্ঘদিন ধরে স্থানীয় অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

লবণ উৎপাদনের প্রক্রিয়া: চট্টগ্রামের লবণ চাষ মূলত প্রাকৃতিক পদ্ধতি নির্ভর। শুষ্ক মৌসুমে উপকূলীয় জমিতে বাঁধ তৈরি করে সেখানে সাগরের লবণাক্ত পানি প্রবেশ করানো হয়। সূর্যের তাপে পানি ধীরে ধীরে বাষ্পীভূত হলে জমিতে লবণের দানা জমতে থাকে। পরে শ্রমিক ও চাষিরা সেই লবণ সংগ্রহ করে শুকিয়ে মজুত করেন। বর্তমানে অনেক জায়গায় উন্নত প্রযুক্তি, পলিথিন পদ্ধতি ও আধুনিক উপকরণ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে।

বর্তমান অবস্থা: চট্টগ্রামের লবণ শিল্প বর্তমানে একদিকে সম্ভাবনাময়, অন্যদিকে নানা সমস্যার মুখোমুখি। ২০২৫২৬ লবণ মৌসুমে চট্টগ্রাম ও কক্সবাজারের মোট ৪০ হাজার ১৫০ জন চাষি ৬৭ হাজার ৭৫৭ একর জমিতে লবণ উৎপাদন করেছেন। এ মৌসুমে দেশে মোট প্রায় ১৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। তবে দেশের চাহিদা ছিল প্রায় ২৭ লাখ ১৫ হাজার মেট্রিক টন। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে।

লবণ উৎপাদনের মৌসুম সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চলে। এ সময় আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা ভালো উৎপাদন করতে পারেন। কিন্তু বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অনিয়মিত আবহাওয়া লবণ মাঠের বড় ক্ষতি করে। ২০২৫২৬ মৌসুমেও প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে অনেক চাষিকে উৎপাদন খরচের তুলনায় কম দামে লবণ বিক্রি করে ক্ষতির মুখে পড়তে হয়েছে।

চাষিদের প্রধান সমস্যা: চট্টগ্রামের লবণচাষিদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে রয়েছে উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্যমূল্যের অভাব, প্রাকৃতিক দুর্যোগ, সংরক্ষণব্যবস্থার সীমাবদ্ধতা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। অনেক সময় মাঠে লবণের দাম কম থাকায় চাষিরা উৎপাদন খরচও তুলতে পারেন না। আবার অতিরিক্ত বৃষ্টি হলে মাঠের প্রস্তুতকৃত লবণ পানিতে মিশে নষ্ট হয়ে যায়। আরেকটি বড় সমস্যা হলো পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাব। উৎপাদনের মৌসুমে বাজারে একসঙ্গে বিপুল পরিমাণ লবণ আসায় দাম কমে যেতে পারে। চাষিরা দীর্ঘদিন লবণ সংরক্ষণ করতে না পারলে বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন। এতে প্রকৃত লাভের বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে।

মিল মালিক ও রিফাইনারিগুলোর সংকট: চট্টগ্রামের মাঝিরঘাট, পটিয়া ও বোয়ালখালী এলাকায় গড়ে ওঠা লবণ ক্রাশিং ও রিফাইনারি মিলগুলোও ভালো নেই। মিল মালিকদের দাবি, ক্রমাগত বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাসের স্বল্প চাপের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে কারখানার স্থায়ী খরচ বেড়ে যাচ্ছে। এর ওপর কিছু অসাধু ব্যবসায়ী চোরাইপথে বা মিথ্যা ঘোষণায় লবণ আমদানি করায় দেশীয় মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

শিল্পখাতে লবণের গুরুত্ব: লবণ শুধু খাবারের উপকরণ নয়; বিভিন্ন শিল্পেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। খাদ্য সংরক্ষণ, চামড়া প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক শিল্প, ওষুধ শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে লবণের প্রয়োজন হয়। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের কারণেও শিল্প লবণের চাহিদা রয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে চট্টগ্রাম বন্দরে শিল্প লবণের প্রায় ৪০০ কনটেইনার আটকে থাকার খবরও প্রকাশিত হয়েছে, যার আনুমানিক মূল্য ছিল ৩৫০ কোটি টাকা।

সরকারি উদ্যোগ: লবণচাষিদের সহায়তা ও শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ২০২৫২৬ অর্থবছরে চট্টগ্রাম ও কক্সবাজারের লবণচাষিদের জন্য স্বল্পসুদে ঋণ সুবিধা সমপ্রসারণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগের কথা জাতীয় সংসদে জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ওই মৌসুমে চট্টগ্রামের ৭ হাজার ৭৪০ জন এবং কক্সবাজারের ৩২ হাজার ৪১০ জন চাষি লবণ উৎপাদনে যুক্ত ছিলেন। তবে শুধু ঋণ বা আর্থিক সহায়তা দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা জরুরি।

সম্ভাবনা: চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে লবণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নতমানের বীজ ও উপকরণ, উন্নত পানি ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণের মাধ্যমে একই জমি থেকে বেশি পরিমাণ লবণ উৎপাদন করা সম্ভব। পাশাপাশি লবণের মান উন্নত করা গেলে দেশের শিল্পকারখানার চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে। লবণচাষিদের জন্য সহজ শর্তে ঋণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরাসরি বাজারব্যবস্থা, আধুনিক গুদাম ও সংরক্ষণাগার নির্মাণ এবং দুর্যোগকালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করা গেলে এ শিল্প আরও শক্তিশালী হয়ে উঠবে।

উপসংহার: চট্টগ্রামের লবণ শিল্প উপকূলীয় মানুষের জীবিকা ও দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নানা প্রতিকূলতার মধ্যেও হাজারো চাষি এ শিল্পকে টিকিয়ে রেখেছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারে মূল্য ওঠানামা ও সংরক্ষণ সমস্যার কারণে শিল্পটি এখনো ঝুঁকিপূর্ণ। তাই চাষিদের স্বার্থ রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত করে লবণ শিল্পকে আরও টেকসই ও লাভজনক করার উদ্যোগ নিতে হবে। চট্টগ্রামের লবণ শিল্পকে শক্তিশালী করা গেলে উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও এর অবদান আরও বাড়বে।

লেখক: প্রাবন্ধিক।

পূর্ববর্তী নিবন্ধশুটকি আঁরার ঐতিহ্য
পরবর্তী নিবন্ধপটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা