চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় ঢাকায় গ্রীন লাইফ হসপিটাল তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আগামীকাল বুধবার সকাল ১১ টায় মেঘল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা এখলাস ফয়েজী।
তার আকস্মিক মৃত্যুতে মেখল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মাওলানা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত সুপরিচিত আলেম পরিবারের সদস্য এবং মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি। তিনি মেখল মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই। মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকালের পর এক জরুরি শুরা বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে প্রতিষ্ঠানটির নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘকাল ধরে ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।











