চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের হাতে ব্যানার দেখা যায়। গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ নানা স্লোগান দিয়ে সড়কে অবস্থান নেন তারা। আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রামের পিএবি সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের একটি ভিডিওতে দেখা গেছে, ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে সড়কে অবস্থান করছেন। তাদের কয়েকজন মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় শেখ হাসিনার দেশে ফিরতে দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। পাশাপাশি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











