চকরিয়ায় আগুনে পুড়ল ১৫ ব্যবসা প্রতিষ্ঠান

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে গেছে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারের একাংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটি সূত্রে জানা গেছে, একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, হার্ডওয়্যার ও মেশিনারি, ফার্মেসি, কাপড়, মোবাইল, ডেকোরেশন, লন্ড্রি ও সেলুনসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করেছে বাজার কমিটি। কমিটির প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ১ কোটি ৬২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মুদি দোকানি মো. তারেক, হার্ডওয়্যার ও মেশিনারি ব্যবসায়ী মো. তামজিদ, ফার্মেসি ব্যবসায়ী মো. জিয়াবুল, কাপড় ব্যবসায়ী মো. আনছার উল্লাহ, মেশিনারি দোকানি মো. মনজুরুল আলম, ডেকোরেশন ব্যবসায়ী মো. ছোটন, মোবাইল ও মাইক ব্যবসায়ী মো. জুলহাস, মেশিনারি দোকানি মো. মনির উদ্দিন, সেলুন ব্যবসায়ী স্বপন শর্মা, জয়সিব শর্মা, নিউটন শর্মা ও কাজল শর্মা, মুরগির দোকানি মো. তৌহিদ, লন্ড্রি দোকানি মিলন ধূপি এবং কুলিং কর্নার ব্যবসায়ী মো. মন্নান।

শোয়াইবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে ব্যবসা শুরু করতে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর আর্থিক সহায়তা প্রয়োজন। এদিকে, খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত মাঝেরফাঁড়ি বাজারের ব্যবসায়ীরা যাতে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে বিজিবির অভিযানে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দর এলাকায় আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড