চকরিয়ার দারুল কুরআন মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

'সর্বোচ্চ সফলতা অর্জনের মাধ্যমে নিজের এভারেস্ট জয় করার চেষ্টা করতে হবে'

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার প্রথম ডিজিটাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী সাতজন শিক্ষার্থীকে দস্তারবন্দী প্রদান এবং মাদরাসার বিভিন্ন শিক্ষামূলক, সহশিক্ষা কার্যক্রমে অর্জিত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান ও সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্যের সাথে উত্তীর্ণ ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চকরিয়া পৌরশহরের আবাসিক মহিলা কলেজ হলরুমে শনিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল আরেফিন আসিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজিজুল হক রাসেল ও দারুল কুরআন মাদরাসার সুপার আবুল মাসরুর।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন এভারেস্টজয়ী দেশের একমাত্র পর্বতারোহী ডা. বাবর আলী। তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকের নিজস্ব একটি করে এভারেস্ট রয়েছে। আমাদের সবার উচিত নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চ সফলতা অর্জনের মাধ্যমে নিজের এভারেস্ট জয় করার চেষ্টা করা। আর এতেই সফলতা অর্জন সম্ভব হবে।’

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের সভাপতি অধ্যক্ষ ফখরউদ্দিন ফরায়েজি, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনুদ্দীন প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরী উপজেলায় প্রবাসীর বাড়িতে ‘ডাকাতি’, পুলিশ বলছে চুরি
পরবর্তী নিবন্ধফরিদা বেগম