কক্সবাজারের নবপ্রতিষ্ঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল শনিবার ভোর চারটার দিকে সশস্ত্র ডাকাতদল কোনাখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মরংঘোনা পূর্ব পাড়ার প্রবাসী মোহাম্মদ হোসেনের নবনির্মিত ভবনের ছাদের খোলা দরজা দিয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রবাসী মোহাম্মদ হোসেন সমপ্রতি নতুন ভবন নির্মাণ করেছেন। তবে বাড়ির ছাদের দরজা এখনো স্থাপন করা হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে রাতের আঁধারে বাড়ির পাশের একটি গাছ বেয়ে ছাদে উঠে ডাকাত দল। পরে খোলা অংশ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে তারা। প্রবাসী মোহাম্মদ হোসেনের স্ত্রী জোসনা বেগম বলেন, ৭/৮ সদস্যের ডাকাতদল প্রথমে আমাদের কক্ষে ঢুকে অস্ত্র তাক করে আমাকে জিম্মি করে। পরে অন্য কক্ষে থাকা সন্তানদের দরজা খুলতে বাধ্য করা হয়। দরজা খোলার পর ছেলে নুরুল আবচার ও নুরুল আমিনসহ পরিবারের সবাইকে বন্দুক ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাতেরা। এরপর আলমারি ও ওয়্যারড্রোবের চাবি নিয়ে ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, কোরবানির গরু বিক্রির প্রায় ৩ লাখ টাকা এবং পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা। মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ এ ঘটনাকে ডাকাতি নয় দাবি করে বলেন, এটি ডাকাতি নয়, নিছক চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রবাসীর বাড়ি পরিদর্শন করা হয়েছে। পরিবারের সন্দেহ মতে এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।










