বাঁশখালী ইকোপার্কে ছিনতাইয়ের অভিযোগে মো. মহি উদ্দিন (১৯) ও মো. হামিদ উল্লাহ্ প্রকাশ বাদশা (১৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইকোপার্কে বেড়াতে আসা এক যুবককে ছুরিকাঘাত করে তার সাথে থাকা বান্ধবীকে নাজেহাল করে ছিনতাইকারীরা। এ সময় তারা চিৎকার দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে শুক্রবার রাতেই স্থানীয় লোকজন জড়ো হয়ে ছিনতাইরকারীদের শনাক্ত করে পুলিশে সোপার্দ করে।
আটককৃতরা হলেন উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর ৮ নং ওয়ার্ড এলাকার গুনু মিয়ার ছেলে মো. মহি উদ্দিন, শীলকূপ মাতব্বর পাড়া ৯ নং ওয়ার্ড এলাকার শামসুল আলমের পুত্র মো. হামিদ উল্লাহ্ প্রকাশ বাদশা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে পার্কে বেড়াতে আসে শিলকূপ মহল্লা পাড়া (হেটপাড়া) এলাকার সৈয়দ নুর ও সরলের মিনজিরিতলা ভাদালিয়ার এক মেয়ে (১৯)। এ সময় সন্ধ্যা হয়ে গেলে সৈয়দ নুরকে ছুরিকাঘাত করে তার বান্ধবীকে নাজেহাল করে কিছু ছিনতাইকারী। পরে তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন বলেন, শুক্রবার ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হওয়া যুবক-যুবতীকে অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ছিনতাইকারীদের থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনার ব্যাপারে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জের) আনিসুজ্জামান শেখ বলেন, ঘুরতে আসা দর্শনার্থীরা ছিনতাইয়ের শিকার হলে জড়িত দুই ছিনতাইকারীকে ধরে বাঁশখালী থানা পুলিশে সোপার্দ করি। পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন, এসব ছিনতাইকারীরা মূলত ভিন্ন পথে পার্কে প্রবেশ করে নানা অপরাধ করার চেষ্টা করে। আমরা এখন দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নজরদারি বাড়িয়েছি।
বাঁশখালী থানার অফিসান ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ছিনতাইকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশখালী ইকোপার্কে দর্শনার্থীদের ছিনতাই ও নাজেহালের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। শনিবার তাদের কোর্টে চালান করে দেওয়া হবে।












