চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র আজ রোববার বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এটিএম পেয়ারুল ইসলামসহ তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে ৫টি সংরক্ষিত ওয়ার্ডের বিপরীতে মহিলা সদস্যদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে সাধারণ সদস্যদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬১ জন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই আজ ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োজিত রয়েছে সংশ্লিষ্ট অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
জেলা পরিষদ আইন অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সদস্যরাই জেলা পরিষদ সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন। সংশোধীত আইনে জেলা পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলার সংখ্যার সমান। আর নারী সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলা চেয়ারম্যানদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ। তবে দুই জনের কম নয়। অর্থাৎ একেক জেলা পরিষদের সদস্যের সংখ্যা হবে একেক রকম, সংশ্লিষ্ট জেলার উপজেলার সংখ্যার সমান।












