শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইউনিভার্সিটি অফ টোকিও জেস এশিয়ান ফর উইম্যানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রায় ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার ঘাসফুল পরিচালিত ঘাসফুল পরাণ রহমান স্কুল ও ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। নলেজ শেয়ারিং ভিজিট অন চাইল্ড রাইটস অ্যান্ড প্রটেকশন শীর্ষক আয়োজনে নগরীর পশ্চিম মাদারবাড়িস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ঘাসফুলের উপ–পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সাদিয়া রহমান ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থার ইতিহাস, কার্যক্রম ও সামাজিক অবদান তুলে ধরেন।
পরবর্তীতে প্রতিনিধি দল পূর্ব মাদারবাড়ি সেবক কলোনীতে অবস্থিত ঘাসফুল বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে শিশু শিক্ষার্থীদের আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনা উপভোগের পাশাপাশি কেন্দ্রটির শিক্ষা ও সৃজনশীল বিকাশ কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল ঘাসফুলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। এসময় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক তপু চৌধুরী, শিক্ষক ড. অয়ন সাহা এবং ইউনিভার্সিটি অব টোকিও’র শিক্ষক– প্রফেসর ড. মারি ইয়োশিহারা, ড. সো শিমোয়ামদা ঘাসফুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ মাহামুদা আক্তার ও অন্যান্য শিক্ষিকাবৃন্দ, ঘাসফুল প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদ, কর্মসূচি সমন্বয়কারী সিরাজুল ইসলাম, হেলথ ইনচার্জ সেলিনা আক্তার, সহকারী কর্মকর্তা আবদুর রহমান, এস এস রাজীব দে, পলাশ, টিংকু দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












