পেকুয়ায় নন্দীরপাড়া জলাভূমি (গোলদিঘি খাল) দখলমুক্ত ও পানিপ্রবাহ স্বাভাবিক করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে খালের বিভিন্ন স্থানে নির্মিত রিং বাঁধ অপসারণ, একাধিক বেহুন্দি জাল জব্দ এবং কচুরিপানা পরিষ্কারের কাজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় কর্মসৃজন প্রকল্পের প্রায় ৩০০ শ্রমিক খালের অবৈধ বাঁধ অপসারণ ও কচুরিপানা পরিষ্কারের কাজে অংশ নেন। জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্য ব্রিজ থেকে বাজারপাড়া এলাকার সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ গোলদিঘি–নন্দীরপাড়া খালের বিভিন্ন অংশে রিং বাঁধ, পুকুর ও স্থাপনা গড়ে উঠেছে। খালের দুই পাড়ে জেগে ওঠা চরে প্রায় শতাধিক বসতি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া বসতবাড়িসংলগ্ন চরে মাছ চাষের জন্য ছোট ছোট পুকুর খনন এবং খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানি আটকে মাছ শিকারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে শতবর্ষী ঐতিহ্যবাহী এ জলপথ।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এ খাল দিয়ে লঞ্চ চলাচল করত। কিন্তু দীর্ঘদিনের ভরাট, পলি জমা, বিভিন্ন স্থানে বাঁধ ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে বর্তমানে ছোট নৌকা চলাচলও কঠিন হয়ে পড়েছে। তারা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে খালটি সম্পূর্ণ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আকতার, পেকুয়া থানা পুলিশের সদস্য, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট ও স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












