গোপনে ইরানে হামলা চালায় সৌদি আরব

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ যখন ছড়িয়ে পড়ছিল, হামলার প্রতিশোধ নিতে সৌদি আরব তখন ঘোষণা ছাড়াই বেশ কয়েকবার ইরানে গোপন হামলা চালায়। বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা এবং দুই ইরানি কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সৌদি আরবের এ ধরনের কোনো হামলার খবর পাওয়া যায়নি। ইরানি ভূখণ্ডে রিয়াদের সরাসরি সামরিক অভিযানের খবর এই প্রথম প্রকাশ্যে এলো। খবর বিডিনিউজের।

চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে আত্মরক্ষায় সৌদি আরব যে আগের চেয়ে অনেক বেশি সাহসী ও আক্রমণাত্মক হয়ে উঠেছে, এর মধ্য দিয়ে তারই প্রকাশ ঘটল। দুই পশ্চিমা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি বিমানবাহিনী মার্চের শেষ দিকে এসব হামলা চালায়। তাদের একজন বলেন, সৌদি আরব আক্রান্ত হওয়ার পর এটি ছিল মূলত ‘ইট মারলে পাটকেল খেতে হয়’ ধরনের পাল্টা হামলা।

তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব ঐতিহ্যগতভাবে সুরক্ষার জন্য মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভর করে। তবে ১০ সপ্তাহব্যাপী এই যুদ্ধে মার্কিন নিরাপত্তা বলয় ভেদ করে ইরান হামলা চালাতে পারায় রিয়াদ নিজেকে অনেকটা অরক্ষিত বোধ করছে।রয়টার্স লিখেছে, সৌদি আরবের এই হামলার খবর চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ারই ইঙ্গিত দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা এখন পশ্চিম এশিয়াকে এমনভাবে গ্রাস করেছে, যার অনেক কিছুই আগে প্রকাশ্যে আসেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই হামলার পর থেকে জিসিসিভুক্ত (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) ছয়টি দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তারা কেবল মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং বেসামরিক স্থাপনা, বিমানবন্দর এবং তেল অবকাঠামোগুলোতেও আঘাত হেনেছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতও ইরানে সামরিক হামলা চালিয়েছে। সৌদি আরব ও আমিরাতের এই পদক্ষেপগুলো সংঘাতের আসল রূপটি সামনে নিয়ে আসছে, যা এতদিন আড়ালে ছিল। ইরানি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় দেশগুলো এখন পাল্টা আঘাত শুরু করেছে। তবে দুই দেশের কৌশল এক নয়। আমিরাত বেশ কঠোর অবস্থান নিয়েছে এবং তেহরানের সঙ্গে খুব একটা কূটনৈতিক আলোচনায় যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৪.৬৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবেইজিংয়ে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত চীনের