কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রবর্তিত ‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গীতিকবি আসিফ ইকবাল। আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠেয় ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’–এর ২৫তম আসরে আনুষ্ঠানিকভাবে আসিফ ইকবালের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। খবর বাংলানিউজের।
বিষয়টি জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার। তিনি জানান, সিজেএফবি জুরিবোর্ডের প্রত্যক্ষ ভোটে চলতি বছর সংগীতশিল্পে বিশেষ অবদানের জন্য সেরা গীতিকার হিসেবে সম্মাননার জন্য মনোনীত হয়েছেন জনপ্রিয় ও খ্যাতিমান গীতিকার আসিফ ইকবাল। এনাম সরকার আরও জানান, আধুনিক বাংলা গানের ঐতিহাসিক রূপকার গাজী মাজহারুল আনোয়ারের কমর্মময় জীবনকে স্মরণীয় করে রাখতেই উদ্যোগ গ্রহণ করেছে সিজেএফবি। এদিকে, সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র ২৫তম আসরে চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য এবার চিত্রনায়ক উজ্জ্বলকে আজীবন সম্মাননা, টিভি নাটকে ২৫ বছরের অবদানে বিশেষ সম্মাননা পাচ্ছেন নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকার। এছাড়া দেশের টেলিভিশন মিডিয়ায় সাফল্যের ৫০ বছর পার করায় বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম।












