গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৪ জেলেকে ফিশিং বোটসহ জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গত বৃহস্পতিবার দুপুর ২টায় ৪ জন জেলে নিয়ে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট কক্সবাজার থেকে সন্দ্বীপের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে পৌঁছালে বোটটির ইঞ্জিন আকস্মিক বিকল হয়ে পড়ে। এরপর নিয়ন্ত্রণহীন অবস্থায় বোটটি সাগরে ভাসতে থাকে।

পরদিন শুক্রবার সকাল ৯টায় জেলেরা জাতীয় জরুরি পরিষেবা ‘৯৯৯’ নম্বরে কল করে সহায়তা চান। বিষয়টি জানতে পেরে সাগরে টহলে থাকা কোস্টগার্ডের একটি জাহাজ তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নামে। দ্রুততম সময়ের মধ্যে সাগরে বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও রসদ সহায়তা দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত ৪ জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্টগার্ডের এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবুড়িশ্চরে ১৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার