গবেষণা প্রকাশনা ও ল্যাবে সীমাবদ্ধ না রেখে মানবজীবনের উন্নয়নে কাজে লাগাতে হবে

আইআইইউসি’র কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ডিসিইউ উপাচার্য

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান বলেছেন, গবেষণা প্রকাশনা ও ল্যাবে সীমাবদ্ধ না রেখে প্রকৃত বৈশ্বিক সমস্যা সমাধানে ও মানবজীবনের উন্নয়নে কাজে লাগাতে হবে। জ্বালানি নিরাপত্তা ও জনস্বাস্থ্য সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা ও দায়িত্বশীল গবেষণা প্রয়োজন। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি আমাদের বর্তমান ও ভবিষ্যতকে নিজের শক্তিশালী শক্তি হিসেবে গড়ে তুলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, ইন্টারনেট অফ থিংস, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং স্বাস্থ্যসেবা প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনকে বদলে দিচ্ছে। তবে জলবায়ু পরিবর্তন, শক্তি সুরক্ষা এবং জনস্বাস্থ্যের মতো চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী চিন্তা, দায়িত্বশীল গবেষণা এবং আন্তঃবিভাগীয় সহযোগিতা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু বকর রফীক, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, আইসিআইএসইটি ২০২৬ এর টেকনিকাল চেয়ার প্রফেসর ড. এম মশিউল হক, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের কনফারেন্স কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. আজাদ হোসাইন, আইআইইউসি’র উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্সের ডিরেক্টর প্রফেসর ড. মো. তৌহিদুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন, কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য দেন, কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সের শ্রেষ্ঠ পেপার প্রেজেন্টারদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর জামায়াতের যুব বিভাগের মোটরসাইকেল র‌্যালি
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত-নিরাপদ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা গড়া সময়ের দাবি