চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভা সংগঠনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রিজোয়ান শাহিদী।
সভায় চট্টগ্রাম কিডনি হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন, ফাউন্ডেশনের সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ–সভাপতি ও চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, সহ–সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ ও চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সদস্য ডা. সানাউল্লাহ শেলী, চৌধুরী ফরিদ, শাহ আলম বাবুল, হাফেজ মো. সালামত উল্লাহ এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন।
সভায় জানানো হয়, একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রামের কৃতীসন্তান ও আন্তর্জাতিক খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সায়েবা আক্তার সমপ্রতি চট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিদর্শন করেন। তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্টেট্রিক ফিস্টুলা সার্জনসের সভাপতি এবং বাংলাদেশ অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সোসাইটির সাবেক সভাপতি। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ডা. সায়েবা আক্তার প্রতি মাসে দুই দিন নিয়মিতভাবে চট্টগ্রাম কিডনি হাসপাতালে চেম্বার করবেন। এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। তিনি গরীব ও অসচ্ছল নারীদের জন্য বিনামূল্যে ফিস্টুলা অপারেশন করার ঘোষণা দেন।
এছাড়া সভায় শীঘ্রই হাসপাতালের আধুনিক অপারেশন থিয়েটার চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর পারভেজ একটি আধুনিক ডায়ালাইসিস মেশিন অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি মিসেস আলী আহমেদ ও শাহ আলম বাবুল প্রত্যেকে একজন করে কিডনি রোগীর এক বছরের ডায়ালাইসিস ব্যয় বহনের অঙ্গীকার করেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ এসব মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একে সদকায়ে জারিয়া হিসেবে অভিহিত করেন।
বক্তারা আর্তমানবতার কল্যাণে অসচ্ছল কিডনি রোগীদের চিকিৎসা সেবায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম কিডনি হাসপাতালে বর্তমানে ৪০টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল রোগীদের জন্য যাকাত তহবিল থেকে প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











