খোলা বাজারে ডলার উঠেছে ১২৮ টাকায়

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

ডলারের দাম আবার বাড়ছে, আন্তঃব্যাংক লেনদেনে ১২৪ টাকায় উঠেছে। ব্যাংকগুলো এর চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছে। আর খোলা বাজারে তা ১২৮ টাকা ছাড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংকে ডলারের দর বেড়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ, এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৭৭ শতাংশ। জ্বালানি তেল ও গ্যাস আমদানির ঋণপত্র (এলসি) নিষ্পত্তি করতে গিয়ে ব্যাংকগুলোর ওপর চাপ বাড়ায় টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বাড়ার কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

গতকাল বুধবার রাতে তিনি বলেন, আমদানি ব্যয়ের চাপ আছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যারেল ১১৭ ডলারে উঠেছে। এলপিজির দামও বেশি। রোজাকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি (ঋণপত্র) খুলছেন ব্যবসায়ীরা। সব কিছু মিলিয়ে ডলারের চাহিদা বাড়ায় দর ঊর্ধ্বমুখী হয়েছে। গতকাল বুধবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১২৩ টাকা ৯৮ পয়সা, সর্বনিম্ন দর ছিল ১২৩ টাকা ৯৮ পয়সা। সে হিসাবে গড় দাম ছিল ১২৩ টাকা ৯৮ পয়সা। মানি এঙচেঞ্জগুলোর সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমসিএবি) নির্ধারিত দর অনুসরণ করে গতকাল বুধবার ১২৮ টাকা দরে ডলার বিক্রি করেছে এঙচেঞ্জ হাউজগুলো, কিনেছে ১২৭ টাকায়। আগের দিন মঙ্গলবার বিক্রয় মূল্য ছিল ১২৭ টাকা ৮০ পয়সা, কেনা হয় ১২৬ টাকা ৮০ পয়সায়। সোমবার কেনা হয় ১২৬ টাকা ৬০ পয়সায়, বিক্রি করা হয় ১২৭ টাকা ৬০ পয়সায়।

পূর্ববর্তী নিবন্ধভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদে আবেদন
পরবর্তী নিবন্ধঅন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, ৫ মৃত্যু