খুঁজে যাই নিরালায়

সাবিনা রূপা | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

ভুলেও ভুল ভেবো না, এ দস্যিপনা আমার।

আমার ভুবন জুড়ে যে পরম বিরাজ করে,

সেই রোজ একটু একটু করে আমাকে গড়ে,

ভাঙেও সে। কখনো সপ্তবর্ণা, কখনো ধূসর।

আমি রোজ তার সাথে ঘুরে বেড়াই সুরে ছন্দে

কখনো বেতাল আনন্দের তুমুল কান্নায় ভাসি।

আমার বয়সী কোষে দুরন্ত শিশু করে খেলা

খিলখিল হাসিতে ঝরায় ক্ষোভ পাতাঝরার মতো।

বয়সী বটের কোঠরে বাস করে যেমন তক্ষক

পরম তেমন করে অন্তসার ভেতরটা বাসযোগ্য করে।

বাঁচাতে চায় ঈর্ষা বিদ্বেষ আর লোভাতুর মন থেকে

আমিই আশ্রিত তার করুণা, দয়া, ভালোবাসার।

বিস্তীর্ণ চরাচরে খুঁজে ফিরি যারে রাতদিন,

সেই আমায় দেখা দিয়ে যায় জনকোলাহলে।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবারের শহরে
পরবর্তী নিবন্ধগোপন ক্ষত