খালিদ আহসান গুণী শিল্পী, বেঁচে থাকবেন রেখায় ও লেখায়

স্মারক প্রকাশনা অনুষ্ঠানে আজাদী সম্পাদক খালিদ আহসান স্মারক প্রচ্ছদশিল্পী সম্মাননা পেলেন সব্যসাচী হাজরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, খালিদ আহসান ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী এক নিবেদিতপ্রাণ শিল্পী। তিনি যেমন কবি হিসেবে খ্যাতিমান ছিলেন, তেমনি চিত্রশিল্পী হিসেবেও ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। হেলাল হাফিজের ‘যে জ্বলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের প্রচ্ছদসহ অনেক জনপ্রিয় কবি ও লেখকের প্রচ্ছদ এঁকে তিনি সুনাম কুড়িয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর টিআইসি মিলনায়তনে ‘খালিদ আহসান : শব্দ, রঙ ও সুর’ শীর্ষক স্মারক প্রকাশনা ও শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিল্পী সব্যসাচী হাজরাকে ‘খালিদ আহসান স্মারক প্রচ্ছদশিল্পী সম্মাননা’ প্রদান করা হয়। তিনি অনুপস্থিত থাকায় তাঁর পরিবর্তে সম্মাননা গ্রহণ করেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ। দৈনিক আজাদী সম্পাদক তাঁর হাতে সম্মাননা তুলে দেন।

চিত্রশিল্পের বিশ্বব্যাপী কদর ও মূল্যমানের প্রসঙ্গ টেনে এম এ মালেক বলেন, লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা আসল ‘মোনালিসা’ চিত্রকর্মটি অমূল্য এবং এটি কখনোই বিক্রির জন্য তোলা হয়নি। ফরাসি আইনের অধীনে ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পত্তি হওয়ায় এর কোনো আনুষ্ঠানিক বাজারদর নেই। ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের প্রদর্শনীর আগে মোনালিসার বীমামূল্য ধরা হয়েছিল ১০০ মিলিয়ন (১০ কোটি) মার্কিন ডলার। মুদ্রাস্ফীতি হিসাব করলে বর্তমানে এর আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের কাছাকাছি। আসল ছবি বিক্রি না হলেও ২০২১ সালে প্যারিসের নিলামে মোনালিসার ৪০০ বছরের পুরোনো একটি প্রতিলিপি (রেপ্লিকা) প্রায় ২৯ লাখ ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) বিক্রি হয়েছিল। এছাড়া ২০১৭ সালে ভিঞ্চির আঁকা ‘সালভাতোর মুন্ডি’ চিত্রকর্মটি ৪৫০.৩ মিলিয়ন (৪৫ কোটি ৩ লাখ) মার্কিন ডলারে বিক্রি হয়ে সর্বোচ্চ নিলাম দরের রেকর্ড গড়ে।

একইভাবে পাবলো পিকাসোর চিত্রকর্মের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ধরন, আকার ও ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী পিকাসোর চিত্রকর্মের নিলাম দর কয়েক হাজার ডলার থেকে ১০ কোটি ডলারেরও বেশি হতে পারে। তাঁর ‘উইমেন অব আলজিয়ার্স’ চিত্রকর্মটি ২০১৫ সালে নিলামে ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে এবং ডোরা মারকে নিয়ে আঁকা চিত্রকর্মটি ২০২৫ সালের অক্টোবরে ফ্রান্সে নিলামে প্রায় ৪৫৫ কোটি বাংলাদেশি টাকায় বিক্রি হয়েছিল।

এম এ মালেক বলেন, সেই হিসেবে খালিদ আহসানের শিল্পকর্মও অনন্য হয়ে ধরা দিতে পারে আমাদের মাঝে। তিনি একজন গুণী শিল্পী; তাঁর রেখায় ও লেখায় তিনি বেঁচে থাকবেন।

সম্মানিত অতিথির বক্তব্যে কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী সব্যসাচী হাজরাকে সম্মাননা প্রদানের সিদ্ধান্তকে যথার্থ আখ্যা দিয়ে বলেন, সব্যসাচী হাজরা প্রচ্ছদশিল্পকে অন্যমাত্রায় নিয়ে যাচ্ছেন।

কবি ও নাট্যজন অভীক ওসমান বলেন, খালিদ আহসানের মধ্যে মানবিক বোধ ছিল এবং তিনি অনেককে প্রমোট করেছেন।

কবি ওমর কায়সার বলেন, শিল্প–সাহিত্য জগতে খালিদ আহসান ছিলেন এক আইকন। তিনি নান্দনিক বোধ ও চেতনা ছড়িয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিদ আহসানের সহধর্মিণী ও ফ্যাশন ডিজাইনার আইভি হাসান এবং মেয়ে ডা. ফাইরুজ নাকিবা। বাবার স্মৃতিচারণ করে ডা. ফাইরুজ বলেন, বাবা ছিলেন অতি সাধারণ ও নিভৃতচারী।

গৌতম চৌধুরী ও অমিতা বড়ুয়ার সঞ্চালনায় এবং শিশির দত্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও অধ্যাপক শুক্লা ইফতেখার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খালিদ আহসান ছিলেন একজন বহুমাত্রিক শিল্পী।

অনুষ্ঠানে খালিদ আহসানকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি ইউসুফ মুহম্মদ ও রিজোয়ান মাহমুদ। খালিদ আহসানের কবিতা আবৃত্তি করেন সনজীব বড়ুয়া, তৈয়বা জহির আরশি, ফারুক তাহের ও শুভ্রা বিশ্বাস। এ সময় খালিদ আহসানের লেখা দুটি গান পরিবেশন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা