খাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি

অনেকে পণ্য গুদামজাত করেছেন, অনেকের পণ্য আসার পথে পর্যাপ্ত মজুদ, তবুও ছোলার বাজারে উত্তাপ আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও পরিবহন ব্যয়কে দুষছেন ব্যবসায়ীরা

জাহেদুল কবির | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

খাতুনগঞ্জে পুরোদমে শুরু হয়েছে রমজানের প্রস্তুতি। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে পণ্য গুদামজাত করেছেন। আবার অনেকের পণ্য আসার পথে। এছাড়া অনেকে পণ্য আমদানির জন্য নতুন করে ব্যাংকে এলসি (্‌ঋণপত্র) করছেন।

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, রমজানের ঠিক দুই থেকে আড়াই মাস আগে থেকে ব্যবসায়ীরা পণ্য গুদামজাত শুরু করেন। এরপর থেকে বিভিন্ন জেলার ক্রেতাদের অর্ডার অনুযায়ী ব্যবসায়ীরা পণ্য সরবরাহ করে থাকেন। আগামী বছর রমজান শুরু হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে। সেই হিসেবে পাইকারি ব্যবসায়ীদের হাতে সময় আছে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। কারণ রমজানের দুই সপ্তাহ আগে পাইকারিতে পণ্য বেচাবিক্রি কমে যায়। তখন এসব পণ্য চলে যায় খুচরা ব্যবসায়ীদের হাতে।

খাতুনগঞ্জের আমদানিকারকরা বলছেন, পণ্য বুকিং থেকে শুরু করে গুদামে আসা পর্যন্ত দেড় থেকে দুই মাস সময় লাগে। অনেক সময় বন্দর থেকে পণ্য ছাড় করতেও সময়ের প্রয়োজন হয়। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ ছোলা, মটর ও মসুর ডাল আমদানি হয়েছে। এছাড়া গত বছরের অনেক পণ্য গুদামে অবিক্রিত থেকে গেছে। তবে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণে চলতি বছর প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়তির দিকে রয়েছে।

এদিকে রমজানের নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে বর্তমানে প্রতি কেজি ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে ১০৬ টাকায়, গত বছর সেই ছোলা বিক্রি হয়েছে ৭৩ টাকায়। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৩৩ টাকা। এছাড়া সাধারণ মানের ছোলা বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ টাকা প্রতি কেজি। গত বছর বিক্রি হয়েছে ৬৫ টাকায়, কেজিতে বেড়েছে ৩৫ টাকা। মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৮২ টাকা, গত বছর বিক্রি হয়েছে ৭৮ টাকায়। চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫২ টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে ১৪০ টাকা। প্রতি কেজি খেসারির ডাল বিক্রি হচ্ছে ৭২ টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে ৭৫ টাকা। মটর ডাল বর্তমানে বিক্রি হচ্ছে ৫৭ টাকা, গত বছর বিক্রি হয়েছিল ৪২ টাকা। এছাড়া সাদা মটর বর্তমানে বিক্রি হচ্ছে ৫৪ টাকা, গত বছর বিক্রি হয়েছিল ৪০ টাকায়। প্রতি কেজি মুগ ডাল বিক্রি হচ্ছে ১২৭ টাকা, গত বছর বিক্রি হয়েছিল ৮৫ টাকায়। অন্যদিকে বর্তমানে প্রতি মণ (৩৭.৩২ কেজি) সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭ হাজার ৫০০ টাকায়, যা গত বছর বিক্রি হয়েছিল ৬ হাজার ৮০০ টাকায়। প্রতি মণ পাম তেল বিক্রি হচ্ছে ৬ হাজার ৪২০ হাজার টাকায়, গত বছর বিক্রি হয়েছিল ৫ হাজার ৮৫০ টাকায়। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৩ টাকা, গত বছর বিক্রি হয়েছিল ৯৫ টাকায়।

খাতুনগঞ্জের আড়তদাররা জানান, রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানি আগের চেয়ে বেড়েছে। ব্যবসায়ীদের দোকান ও গুদামে প্রচুর পরিমাণ পণ্য মজুদ রয়েছে। সাধারণত রমজান এলে শরবতের চাহিদা বেড়ে যায়। তাই চিনির ব্যবহারও বাড়ে কয়েকগুণ। বর্তমানে বাজারে চিনির কোনো ঘাটতি নেই। এছাড়া সারা দেশে প্রায় ৮০ হাজার টন ছোলার চাহিদা থাকে। চলতি বছর প্রচুর পরিমাণে ছোলা এসেছে। এছাড়া রমজানে সাদা মটর ও মসুর ডালেরও চাহিদা বেড়ে যায়। ভোজ্যতেল, চিড়া এবং খেজুরের চাহিদাও বৃদ্ধি পায়। সাধারণত খেজুর আমদানি হয় আলজেরিয়া, তিউনিসিয়া, দুবাই ও সৌদি আরব থেকে।

তবে গত বছরের তুলনায় পেঁয়াজ, আদা ও রসুনের দাম কম রয়েছে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ৪০ টাকায়। এছাড়া গত বছর আদা বিক্রি হয়েছে ১১০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ১০৫ টাকায় এবং বর্তমানে চীনা রসূন বিক্রি হচ্ছে ১৩৫ টাকা। গত বছর বিক্রি হয়েছে ১৪০ টাকায়।

খাতুনগঞ্জ ট্রেড ও ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর আজাদীকে বলেন, রমজানকে কেন্দ্র করে প্রতি বছর ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করেন। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। ইতোমধ্যে বাজারে পর্যাপ্ত পণ্য আমদানি হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে বুকিং দর বাড়ানোর কারণে দেশের বাজারে দাম বাড়ছে। বিশেষ করে ছোলার দাম গত বছরের তুলনায় খুব বেড়ে গেছে। সৌদি–ইয়েমেন এবং ইরান যুদ্ধের প্রভাবে জাহাজে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া বিকল্প রুটে জাহাজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণেও পরিবহন খরচ বেড়েছে। তবে বর্তমানে বাজারে পণ্যের সংকট নেই।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, রমজানের তিন চার মাস আগে থেকে পণ্য আমদানির জন্য ব্যবসায়ীরা এলসি (ঋণপত্র) খুলেন। ইতোমধ্যে অনেক পণ্যের চালান গুদামে এসে পৌঁছেছে। আমাদের দেশে প্রতি বছর ভোগ্যপণ্যের চাহিদা বাড়ছে। আবার তার সাথে পাল্লা দিয়ে আমদানির পরিমাণও বাড়ছে। বাজারে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে ছোলা, মটর ডাল, মশুর ডাল, খেসারি ডাল এবং চিনির কোনো ঘাটতি নেই। প্রত্যেক ব্যবসায়ীর দোকান গুদামে পর্যাপ্ত পণ্য আছে। তবে আমাদের একমাত্র সমস্যা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওজন নিয়ন্ত্রণ স্কেল। ওজন স্কেলের কারণে আমাদের খাতুনগঞ্জ থেকে এখন আর ব্যবসায়ীরা পণ্য নিতে আসেন না। কারণ এখান থেকে একটি ট্রাকে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে তা পণ্যের দামের ওপর প্রভাব পড়ছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ছোট ছেলেটাও চলে গেছে, কী নিয়ে থাকব এখন?’
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাসের ধাক্কা, নিহত ১