খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.ফরহাদ (২৮) নামের ১ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর লেবুছড়ি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার মো. আজিবর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পানির মোটরে সমস্যা দেখা দিলে তা মেরামত করতে যান ফরহাদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, হাসপাতাল থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত প্রতিবেদন পাওয়া যায়নি। তবে ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।













