কয়েকটি বালুর স্তূপ জব্দ,৪০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে মোবাইল কোর্ট

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরকল ব্রিজ এলাকায় বেশ কয়েকটি বালুর স্তূপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় কাউকে না পেয়ে জব্দকৃত বালুর স্তুপে লাল পতাকা স্থাপন করা হয়। স্তূপকৃত বালুর ব্যবসার সাথে জড়িতদের বৈধ কাগজপত্রসহ যোগাযোগ করার নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। এদিকে একই সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাক চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি তেলের দোকানে লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা এবং প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করায় ২ জনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুর রহমান সাংবাদিকদের জানান, চন্দনাইশের বরকল ব্রিজ এলাকায় অবৈধভাবে বালুর ব্যবসার সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কয়েকটি বালুর স্তূপ জব্দ করা হলেও বালু ব্যবসার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে বৈধ কাগজপত্র নিয়ে বালু ব্যবসার সাথে জড়িতদের যোগাযোগ করার জন্য নির্দেশনা দেয়া হয়। একইদিন চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারায় ২টি মামলায় ২ চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি তেলের দোকানে লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ধারায় ১টি মামলায় এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ২ জনকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ আইনে ২০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দসহ ৪ দফা দাবি
পরবর্তী নিবন্ধভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ