বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ও সালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের প্রথম দিনে নিজ নিজ খেলায় জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। গতকাল সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৫–০ গোলের বড় ব্যবধানে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মহরম আলী ২টি গোল করেন। এছাড়া শাহরিয়ার আলী শেয়াম, মো. আরজু ও সালাউদ্দিন প্রত্যেকে ১টি করে গোল দেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে স্কুলের মহরম আলীর হাতে পুরস্কার তুলে দেন মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়াত হোসেন বুলু। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৩–০ গোলে যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে মো. তৌহিদ হোসেন, মাহামুদুল হাসান ফাহিম ও মেহেদী হাসান প্রত্যেকে ১টি করে গোল করেন। এ খেলায় অখেলোয়াড় সুলভ আচরণের জন্য চর চাক্তাই স্কুলের ৩ জন ও যাত্রা মোহন সেন স্কুলের ১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চর চাক্তাই স্কুলের মোহাম্মদ হাসেমের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) সভাপতি শহিদুল ইসলাম। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ২–১ গোলে নতুন কুঁড়ি বিদ্যা নিকেতনকে পরাজিত করে। খেলার নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র থাকায় খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে বেপজার পক্ষে মোহাম্মদ আসাদুল ইসলাম ও নতুন কুঁড়ির পক্ষে রিফাত হোসেন গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ বেপজা স্কুলের রাকিবুল হাসান রুহানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর আহবায়ক কমিটির আহবায়ক শরিফুল ইসলাম তুহিন।
বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ খেলায় সালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১–০ গোলে শেরশাহ কলোনী ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোলদাতা মোহাম্মদ কায়েস তানভীর। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ সালেহ জহুর স্কুলের আল আরব হোসেনের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহানগর বিএনপির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহম্মদ। আজ শুক্রবার তৃতীয় রাউন্ডের ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় বনাম মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়,সকাল ১০.১৫ টায়ঃ পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় বনাম পতেঙ্গা উচ্চ বিদ্যালয়।
একই দিনের সুচী অনুযায়ী নির্ধারিত দুপুর ও বিকালের দুটি খেলা মাঠ সংস্কার কার্যক্রমের কারণে অনুষ্ঠিত হবে না। উক্ত খেলা দুটি এক দিন পিছিয়ে পরদিন ১২ সেপ্টেম্বর, শনিবার নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। শনিবারের ম্যাচ সময়সূচি: দুপুর ২.১৫ টায় টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, বিকাল ৩.১৫ টায় কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় বনাম গভর্ণমেন্ট মুসলিম হাই স্কুল।











