চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোতোয়ালী থানার মোড়কে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চত্বর হিসেবে নামকরণ করা হবে। গতকাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক এ ঘোষণা দেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাদ জোহর কোর্টহিল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরে আইনজীবী অডিটোরিয়ামে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক ও আবদুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তারিক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছর অতিবাহিত হলেও বিচার এখনো হয়নি। একজন তরুণ আইনজীবীর এমন নৃশংস্য হত্যাকাণ্ড শুধু তার পরিবারের জন্য নয়, পুরো আইনজীবী সমাজ ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। এসময় তিনি নগরীর কোতয়ালী থানার মোড়কে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চত্বর হিসেবে নামকরণের ঘোষণা দেন।
প্রধান বক্তা সংসদ সদস্য মো. আবু সুফিয়ান বলেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে সে মাটি ঊর্বর হয়। তিনি আলিফ হত্যা মামলা দ্রুত নিস্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণেরও দাবি জানান।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাগত বক্তব্যে বলেন, আইনজীবী সমাজের প্রত্যেক সদস্যের উচিত ঐক্যবদ্ধভাবে পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা। তিনি প্রতি বছর সমিতির পক্ষ থেকে ২৬ নভেম্বরকে শহীদ আলিফ দিবস হিসেবে পালন করার ঘোষণা দেন।
সমাপনী বক্তব্যে সভাপতি তারিক আহমদ শহীদ আলিফের জীবন সম্পর্কে জানার জন্য সকলের প্রতি আহ্বান জানান। স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা জিপি মোহাম্মদ কাশেম চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সমপাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সমপাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সমপাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সমপাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু), নির্বাহী সদস্য যথাক্রমে আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর, দিদারুল আলম টিপুসহ বিপুল সংখ্যক আইনজীবী। উল্লেখ্য, আলিফ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবিতে আদালত চত্বরে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।












