সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর উপকূলে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার পাঁচটি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযানে এসব জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্দ্বীপ চ্যানেলের কুমিরা উপকূলের ঘাটঘর সমুদ্র এলাকায় সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, ভাটিয়ারী কোস্টগার্ড, ভিসিজি স্টেশন যৌথ অভিযান চালায়। এ সময় ২০ হাজার মিটার দৈর্ঘ্যের পাঁচটি চরঘেরা জাল কেটে অপসারণ করা হয়।। এসব জালের বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানান সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মোতাছিম বিল্লাহ্। তিনি বলেন, এ সকল জাল সারা বছর নিষিদ্ধ। এই জালগুলো সাগরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস করছে। ভবিষ্যতে মৎস্য দপ্তর কতৃক আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে। অপসারণকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।










