সরকারি চাল আত্মসাতের দায়ে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খানের আদালত এ রায় ঘোষণা করেন। এসময় পলাশ পাল চৌধুরী কাটগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
দুদক পিপি মোকাররম হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষমতার অপব্যহার করে অসৎ উদ্দেশ্যে সরকারি চাল আত্মসাতের ঘটনাটি ঘটিয়েছেন খাদ্য গুদাম কর্মকর্তা পলাশ পাল চৌধুরী।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৫ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সময়ে বড়ঘোপ খাদ্য গুদাম থেকে সরকারি চাল আত্মসাতের ঘটনাটি ঘটে। সবমিলে মোট ১৯০.৪৪২ মেঃ টন সরকারি চাল আত্মসাৎ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা।
এ ঘটনায় ২০২০ সালের ৭ সেপ্টেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর তৎকালিন সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে নিজ কার্যালয়ে একটি মামলা দায়ের করেন। এতে পলাশ পাল চৌধুরীসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছিল। তবে তদন্ত শেষে দুদকের পক্ষ থেকে আদালতে যে চার্জশিট দাখিল করা হয়, সেখানে শুধু পলাশ পাল চৌধুরীকেই অভিযুক্ত করা হয়। দুদকের দেওয়া উক্ত চার্জশিটের ভিত্তিতেই গত বছরের ১৫ জানুয়ারি পলাশের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার কার্যক্রম আরম্ভ হয়।













