কুকি চিনের ৩১ হাজার ৬৭৫ ইউনিফর্ম ধ্বংস

গত বছর কেএনএফ এর জন্য তৈরি করা এসব পোশাক উদ্ধার করেছিল পুলিশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ এলাকা থেকে উদ্ধার পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩১ হাজার ৬৭৫ পিস ইউনিফর্ম ধ্বংস করা হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে বলা হয়, কেএনএফ এর জন্য তৈরী করা এসব ইউনিফর্ম উদ্ধার পরবর্তী বায়েজিদ থানায় একটি মামলা দায়ের হয়েছিল। এ মামলার তদন্ত চলাকালে মোট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক জব্দ করা হয়। যা পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন আর্মির জন্য প্রস্তুতকৃত বলে তদন্তে প্রতীয়মান হয়েছে। উক্ত আলামত দীর্ঘদিন সংরক্ষণের ফলে অপব্যবহার ও বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় তদন্তকারী কর্মকর্তা আদালতের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। এরই প্রেক্ষিতে আদালত বিষয়টি পর্যালোচনা করে বিচারিক প্রয়োজনে ব্যবহারের জন্য ১০০ পিস পোশাক নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়। অবশিষ্ট ৩১ হাজার ৬৭৫ পিস পোশাক যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, গত বছরের মে মাসে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কেএনএফ এর জন্য তৈরি করা উক্ত ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকোস্ট গার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের উপমন্ত্রীর সাথে সীকম গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকের সাক্ষাৎ