ঝড়ে উপড়ে পড়া গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহত রাউজানের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানি পাথর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, ঝড়ে উপড়ে পড়া একটি বড় রেইনট্রি গাছের মালিকানা নিয়ে আবদুল মান্নান সওদাগরের সাথে বিরোধ চলছিল তার চাচাতো ভাই শাহজাহানের সাথে। সামাজিক সালিশে গাছটি আবদুল মান্নানের বলে রায় দেয়া হয়। রায় পেয়ে গাছটি কেটে নেয় মান্নানের বড় ভাই কাঠ ব্যবসায়ী লোকমান। বৈঠকের রায়ে অসন্তুষ্ট ছিল শাহজাহান। রায়ে ক্ষুব্ধ শাহজাহান গত বৃহস্পতিবার জানি পাথর বাজারের মান্নানের দোকানে গিয়ে তর্কবিতর্ক করে। এক পর্যায়ে শাহাজাহান সেখানে থাকা একটি কাঠের টুকরো নিয়ে মান্নানের মাথায় আঘাত করে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত মান্নানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাতে মান্নানের মৃত্যু হয়। নিহত মান্নান হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির আহমদের ছেলে। অভিযুক্ত শাহাজান সালেহ আহমদের ছেলে ও নিহত মন্নানের চাচাতো ভাই।
নিহতের ভাই মোহাম্মদ লোকমান বলেন, শাহাজানের সাথে মারামারিতে তার বাবা সালেহ আহমদও ছিল। আমি ভাই হত্যার বিচার চাই।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মারধরে আহত এক ব্যক্তির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে জেনেছি। পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












