নগরীর আকবর শাহ থানাধীন কর্নেলহাট এলাকায় স্বেচ্ছাসেবক দলের মিছিলে ছুরিকাঘাতে দলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত কর্মীর নাম মো. পারভেজ (২৫)। এ সময় স্থানীয়রা ইসমাইল হোসেন সাগর নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আহত মো. পারভেজ আকবর শাহ থানার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য। আকবর শাহ থানার ওসি নাজের হোসাইন বলেন, দুজনের মধ্যে পূর্ববিরোধ থেকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন সাগর নামের ছুরিকাঘাতকারী ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সামপ্রতিক দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড অফিসের পাশে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কর্নেলহাট এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ইসমাইল ও পারভেজের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করেন ইসমাইল হোসেন সাগর। দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি দেখে আশপাশের লোকজন সাগরকে আটক করে পুলিশকে খবর দেয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পারভেজ নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি আকবর শাহ থানার শাহ আমানত বল্লি রোডের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যান।



