কর্ণফুলীতে সাত বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার শিকলবাহা দ্বীপ কালার মোড়াল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশুটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহ আলম তাকে ফুসলিয়ে দ্বীপ কালারমোড়ল এলাকার হাজী আজম আলী সেকান্দর নামে একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে আটক করেন। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। আটক শাহ আলম শিকলবাহা মাস্টার হাট এলাকার সেজ্যা গোষ্ঠীর বাড়ির মৃত মো. জাফর আহম্মদের ছেলে।
ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির পর স্থানীয়রা একজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












