কর্ণফুলীতে ব্রাজিলের তৈরি পিস্তল উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে উদ্ধার হয়েছে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ এমএম পিস্তল। উদ্ধার হওয়া অস্ত্রটি পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় লোকজন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও অস্ত্রটির প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চলছে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঝোপে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। এক পাশে মেইড ইন ব্রাজিল খোদাই করা রয়েছে। জানা যায়, বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহৃত হয়ে থাকে। তবে উদ্ধার হওয়া অস্ত্রটির সুনির্দিষ্ট মডেল, এটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত অস্ত্র কিনা এবং পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কিনাএসব বিষয় পরীক্ষা ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সব দিক যাচাইবাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাবার দাফনের পরই প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন মুজতাবা খামেনি
পরবর্তী নিবন্ধচার সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি হচ্ছে