কর্ণফুলীর বড়উঠানে হোসনে আরা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের হারুন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। হোসনে আরা বেগম একই এলাকার মোহাম্মদ আবুল হোসেনের স্ত্রী। বড়উঠান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে হোসনে আরা হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের গোয়ালঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান আশপাশের লোকজন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











